মগনামা ঘাটে ডেনিশ বোটে উঠতে গিয়ে সাগরে পড়ে যুবক নিখোঁজ
কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাটে ডেনিশ বোটে ওঠার সময় সাগরে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মগনামা-কুতুবদিয়া নৌপথের জেটিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক শামীম আলম ভোলা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শামীম তার স্ত্রীকে নিয়ে কুতুবদিয়ায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা দেন। পরে মগনামা জেটিঘাটে পৌঁছে কুতুবদিয়াগামী ডেনিশ বোটে ওঠার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি সাগরের পানিতে পড়ে যান।
ঘটনার পরপরই তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। বোটের মাঝিসহ স্থানীয়রা পানিতে নেমে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ শামীমকে উদ্ধারে দ্রুত ডুবুরি দল নামিয়ে অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মগনামা জেটিঘাটের বিভিন্ন অংশ ও বোটে ওঠানামার সিঁড়ি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে যাত্রীদের নিরাপদে নৌযানে ওঠানামা নিয়ে উদ্বেগ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন